ঈমানের পরিচয়
আল্লাহ তা’আলার পক্ষ থেকে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আহকাম তথা বিধি-বিধান লাভ করেছেন, ইহাকাল-পরকাল, জান্নাত-জাহান্নাম এবং পূর্ববর্তী নবী-রাসূল সম্পর্কে সংবাদপ্রাপ্ত হয়েছেন এবং অকাট্য দলীল দ্বারা তা প্রমাণিত হয়েছে, তার কোন একটি বাদ না দিয়ে সবগুলোকে মনে-প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করার নাম হল ঈমান। আল্লাহ তা’আলার আদেশ-নিষেধের উপর সঠিকভাবে এবং পূর্ণাঙ্গরূপে আমল করার মাধ্যমে এ ঈমান কামেল তথা পরিপূর্ণ ও শক্তিশালী হয়। আর আল্লাহর আদেশ-নিষেধ পালনে ত্রুটি করলে ঈমান নাকেস তথা অসম্পূর্ণ ও দুর্বল হয়ে পড়ে। ঈমানের নূর নষ্ট হয়ে যায়। এ অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে অথবা তওবা করে এ অবস্থা থেকে ফিরে না এলে, -আল্লাহ না করুন!- আমাদের ‘ঈমান নষ্ট হয়ে যেতে পারে’ (নাউযুবিল্লাহ!)। আল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর আদেশ-নিষেধ সঠিকভাবে পালন করার তাওফীক দান করুন। আমীন।
ঈমানের গুরুত্ব
পূর্ণাঙ্গ ঈমান মুসলমানদের জন্য এমন এক ভিত্তি যার উপর পূর্ণ দ্বীনের অট্টালিকা দাঁড়িয়ে আছে। যার আক্বীদা যত বিশুদ্ধ ও সুদৃঢ় হবে, তার দ্বীনও তত বিশুদ্ধ ও সুদৃঢ় হবে। আর তার বিপরীতে যার আক্বীদা যত দুর্বল হবে তার দ্বীন ও ধর্মও তত দুর্বল হবে। সুতরাং আক্বীদা বিশুদ্ধ করা এবং হৃদয়ের বিশ্বাসকে সুদৃঢ় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক।
No comments:
Post a Comment